April 17, 2026, 7:28 pm

জ্বালানিমন্ত্রী এমনভাবে বিবৃতি দেন যেন তেলের ওপর দেশ ভাসছে: জামায়াত আমির

কারা তেল চোর তা জনগণ জানে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের জেলা আমির সম্মেলনের উদ্বোধনকালে শফিকুর রহমান এ কথা বলেন।
জামায়াতের আমির বলেন, ‘যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সংকট দেখা দিয়েছে। এখানে যারা আসেছে, সবাই ভুক্তভোগী। সামান্য জ্বালানি সংগ্রহের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে আছে। অথচ আশ্চর্যের বিষয় সংসদের ভেতরে জ্বালানি এবং খনিজ সম্পদমন্ত্রী এমনভাবে বিবৃতি দেন, মনে হয় যেন তেলের উপরে দেশ ভাসছে। আগামী দুইমাস নাকি কোনো সংকট নাই। সংকট যদি না থাকে তাহলে কিলোমিটারের পর কিলোমিটার কেন মোটরসাইকেলের লাইন?’

মানুষ শখে গিয়ে সেখানে দাঁড়ায় কিনা- এমন প্রশ্ন রাখেন জামায়াতের আমির। তিনি অভিযোগ করে বলেন, ‘এখন নতুন বয়ান তৈরি করা হচ্ছে যে আসলে তেলের সংকট নাই, তবে কিছু লোক বারবার তেল নিয়ে এটা মজুত করে চোরাই পথে বিক্রি করছে।’

জামায়াতের আমির বলেন, ‘একদিকে কষ্ট করে ঘণ্টার পর ঘণ্টা হাঁপাতে হাঁপাতে তেল পাচ্ছে, আরেকদিকে তাদেরকে তেল চোর বানাচ্ছে। এই চোর কারা, জনগণ কি জানে না? কার বসতঘর, কার গোয়ালঘর থেকে তেলের ড্রাম উদ্ধার হচ্ছে, জনগণ এগুলো জানে না?’

সরকারি দলের নেতাদের বক্তব্যের সমালোচনা করে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘জ্বালানি সংকট নাই অথচ লোডশেডিং এখন মিনিমাম ৬ ঘণ্টা, ম্যাক্সিমাম ১০ ঘণ্টা। এটা হলো ঘোষিত। আর অঘোষিত কতটা সেটা বলা যাবে না। তো আমাদের যদি তেল মানে জ্বালানিসংকট নাই, যদি আমাদের বিদ্যুতের সংকট নাই তাইলে লোডশেডিং কেন?’

চাঁদাবাজির রেট দিন দিন সব সেক্টরে বাড়ছে বলেন শফিকুর রহমান। তিনি বলেছেন, অতিষ্ঠ জনগণ দ্রব্যমূল্যের জাঁতাকলে পিষ্ট। জ্বালানিসংকটে পরিবহন খরচ আর বাড়তি চাঁদার চাপ খেটে খাওয়া মানুষের ঘাড়ে চাপছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা