প্রতি বছর পহেলা বৈশাখে অনুষ্ঠিত ‘মঙ্গল শোভাযাত্রা’ স্থায়ীভাবে বন্ধে হাইকোর্টে জনস্বার্থে একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে। এটি হাইকোর্টের ২০ নম্বর কোর্টে শুনানি হওয়ার কথা রয়েছে। রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান জনস্বার্থে এই রিট পিটিশনটি দায়ের করেন।
রিটে, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব, ধর্ম মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ঢাকা জেলা প্রশাসক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং চারুকলা অনুষদের ডিনকে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে উল্লেখ করা হয়, দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর ইমান, ধর্মীয় স্বাধীনতা, সাংবিধানিক অধিকার এবং সাম্প্রদায়িক সম্প্রীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় এটি বন্ধ হওয়া প্রয়োজন।
রিটে আরও বলা হয়, বাংলাদেশ সরকার জনরোষের ভয়ে মাঝে মাঝে এই মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে। পরবর্তীতে আবার কিছুদিন পরেই পুনরায় ‘মঙ্গল শোভাযাত্রা’ নামেই ফিরে যাওয়ার উদ্যোগ গ্রহণ করে। তাই এই বিষয়ে চূড়ান্ত সমাধানের জন্য মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছে।