মোহাম্মদ আসাদ স্টাফ রিপোর্টার।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার গারো পাহাড় এলাকায় ভারতীয় বন্য হাতির আক্রমণে জয়নাল (৪০) নামে এক কাঠশ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার রাতে সোমনাথপাড়া এলাকার ১০৮৮ নম্বর সীমান্ত পিলার সংলগ্ন পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার সকালে বন বিভাগের কর্মীরা তার মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত জয়নাল ধানুয়া কামালপুর ইউনিয়নের মৃর্ধাপাড়া গ্রামের মৃত অনিক মণ্ডলের ছেলে। তিনি জীবিকার তাগিদে কাঠ সংগ্রহের কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে কাঠ সংগ্রহের উদ্দেশ্যে গারো পাহাড়ে যান জয়নাল। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। শনিবার সকালে বন বিভাগের কর্মীরা সোমনাথপাড়া এলাকায় তার মরদেহ উদ্ধার করে পরিবারকে খবর দেন।
বালিঝুড়ি রেঞ্জের বন কর্মকর্তা মো. সুমন মিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শুক্রবার রাত ৯টা থেকে ১০টার মধ্যে বন্য হাতির আক্রমণে জয়নালের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।