November 28, 2026, 8:15 pm

কোথাও শিক্ষক আছে ছাত্র নেই, কোথাও ছাত্র আছে, শিক্ষক নেই: শিক্ষামন্ত্রী

দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অনার্সের শিক্ষক পদায়ন করা হলেও পড়ার মতো শিক্ষার্থী পাওয়া যাচ্ছে না, আবার কোথাও প্রচুর শিক্ষার্থী থাকলেও পাঠদানের মতো শিক্ষক নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’-এ বক্তব্য দেওয়ার সময় শিক্ষামন্ত্রী একথা বলেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে আয়োজিত এই সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে উপযুক্ত পরিকল্পনা ও হিসাব-নিকাশ ছাড়াই নতুন বিষয় এবং অনার্স কোর্স চালু করায় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে চরম ভারসাম্যহীনতা তৈরি হয়েছে।

শিক্ষা সচিবকে সঙ্গে নিয়ে নবাব সিরাজউদ্দৌলা কলেজে যাওয়ার পথে একটি কলেজে সরেজমিনে পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, সেখানে গিয়ে দেখা যায় একটি শ্রেণিকক্ষে একজন শিক্ষকের বিপরীতে মাত্র একজন শিক্ষার্থী এবং অন্য একটি শ্রেণিকক্ষে একজন শিক্ষকের বিপরীতে মাত্র তিনজন শিক্ষার্থী ক্লাস করছেন।

শিক্ষাব্যবস্থাকে আগামী দিনে এগিয়ে নেওয়ার জন্য উপস্থিত অধ্যক্ষ ও সংশ্লিষ্টদের প্রতিদিনের কাজ আত্মপর্যালোচনা করার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, দিন শেষে হিসাব করে দেখতে হবে এই স্বল্পতার মধ্যেও জাতির জন্য আমরা কতটুকু করতে পারলাম। সবাইকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করলেই জাতীয় শিক্ষাব্যবস্থার উন্নয়ন সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা