গাজায় হামাসের নেতা খলিল আল-হাইয়ার পরিবারের সদস্যদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে চালানো এ হামলায় আল-হাইয়ার এক ছেলে প্রাণে বেঁচে গেলেও পরিবারের কয়েকজন সদস্য আহত হয়েছেন। একই দিনে গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন।
হামাসের কর্মকর্তা বাসেম নাইম জানান, হামলায় ২৯ বছর বয়সী ইজ্জেলদিন আল-হাইয়া ও তার পরিবার বেঁচে গেছেন। তবে হামাসের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, আল-হাইয়ার পুত্রবধূসহ কয়েকজন স্বজন আহত হয়েছেন। তার প্রয়াত আরেক ছেলে আজ্জামের পরিবারের সদস্যরাও হামলা থেকে রক্ষা পেয়েছেন।
বাসেম নাইম ইজ্জেলদিনকে খলিল আল-হাইয়ার জীবিত থাকা সর্বশেষ ছেলে হিসেবে উল্লেখ করেছেন। এর আগে তার চার ছেলে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হন। ২০০৮ সালে হামজা, ২০১৪ সালে ওসামা, ২০২৪ সালের সেপ্টেম্বরে হুমাম এবং ২০২৫ সালের মে মাসে আজ্জাম প্রাণ হারান। গত বছর কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলায় হুমাম নিহত হন। তার যমজ ভাই ইজ্জেলদিন ওই হামলা থেকে বেঁচে যান। ওই সময় খলিল আল-হাইয়াও অল্পের জন্য প্রাণে রক্ষা পান। পরে গত জুলাইয়ে তাকে হামাসের নেতা মনোনীত করা হয়।
শুক্রবারের হামলার নিন্দা জানিয়ে হামাস অভিযোগ করেছে, খলিল আল-হাইয়ার ছেলেকে হত্যা এবং তার পরিবারের সদস্যদের হতাহত করার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের দেওয়া হুমকির সঙ্গে এ হামলার যোগসূত্র রয়েছে বলেও দাবি করেছে গোষ্ঠীটি। হামাসের অভিযোগ, ২০২৫ সালের অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি দুর্বল করতেই ইসরায়েল এ ধরনের হামলা চালাচ্ছে।
এদিকে গাজার অন্যান্য এলাকাতেও শুক্রবার প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার তথ্য অনুযায়ী, উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের পশ্চিমে বির আল-নাজা এলাকায় একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। এতে খালেদ আসাফ নামে এক ফিলিস্তিনি নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন।
দক্ষিণ গাজার রাফাহ শহরে আল-বাহর স্ট্রিটের মুয়াবিয়া মসজিদের কাছে হামলার পর তিনজনের মরদেহ উদ্ধার করেছে সিভিল ডিফেন্স দল। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। অন্যদিকে খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় ইসরায়েলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি শিশু আহত হয়েছে।
চিকিৎসাসূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে ওয়াফা জানিয়েছে, পূর্ব দিকের ‘হলুদ রেখা’র কাছ থেকে ইসরায়েলি সেনারা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া তাঁবু লক্ষ্য করে বারবার গুলি চালিয়েছে। এর আগে বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক অভিযানে এক জ্যেষ্ঠ শিক্ষা কর্মকর্তাসহ ১০ ফিলিস্তিনি নিহত হন।
এদিকে গাজা সিটির আল-আহলি ব্যাপ্টিস্ট হাসপাতালের একটি ভবনকে হামাস জিজ্ঞাসাবাদ কেন্দ্র হিসেবে ব্যবহার করছে বলে ইসরায়েলি সেনাবাহিনীর দেওয়া অভিযোগ প্রত্যাখ্যান করেছে হামাস। বৃহস্পতিবার ইসরায়েলি সামরিক বাহিনী ও শিন বেত দাবি করে, হাসপাতাল কমপ্লেক্সের ভেতরে হামাস সামরিক কার্যক্রম পরিচালনা করছে।
শুক্রবার এক বিবৃতিতে হামাস এ দাবিকে ‘হাস্যকর’ আখ্যা দিয়ে বলেছে, হাসপাতালগুলোকে ঘিরে ইসরায়েলের চলমান উসকানির অংশ হিসেবেই এমন অভিযোগ তোলা হয়েছে। তাদের দাবি, হাসপাতালগুলো বেসামরিক মানুষ ও জাতিসংঘের বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য উন্মুক্ত। অন্যদিকে হাসপাতালটির তত্ত্বাবধানকারী জেরুজালেমের এপিস্কোপাল ডায়োসিস জানিয়েছে, হাসপাতাল প্রাঙ্গণে কোনো গোপন জিজ্ঞাসাবাদ কেন্দ্র থাকার বিষয়ে তাদের কিছু জানা নেই।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলা ও লঙ্ঘনের ঘটনায় অন্তত ১ হাজার ৭০৫ ফিলিস্তিনি নিহত এবং ৬ হাজার ১৬৩ জন আহত হয়েছেন। আর ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৭৪ হাজার ৭৭২ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
সূত্র: আল জাজিরা