মোঃ আব্দুল কাদের, স্টাফ রিপোর্টার ময়মনসিংহ :
শারদীয় দুর্গোৎসব-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কেন্দ্রীয় শ্রী শ্রী কালি মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।
গতকাল ১৮ অক্টোবর সন্ধ্যায় জেলা প্রশাসন ও জেলা পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ ভিজিল্যান্স টিমের মাধ্যমে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা এবং নির্বিঘ্নে পূজা উদ্যাপনের প্রস্তুতি পর্যালোচনা করেন তাঁরা।
পরিদর্শনকালে পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তার খোঁজখবর নেন এবং পূজা উদ্যাপন কমিটির সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্য বজায় রেখে উৎসব উদ্যাপনের পাশাপাশি দর্শনার্থী ও ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, জেলা প্রশাসন, পুলিশ, পূজা উদ্যাপন কমিটি ও স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।
এদিকে, দুর্গোৎসব ঘিরে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও পুলিশের সমন্বিত কার্যক্রম অব্যাহত রয়েছে। যৌথ ভিজিল্যান্স টিমের মাধ্যমে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা পর্যবেক্ষণকে এ উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আশরাফুল করিম, সহকারী পুলিশ সুপার (ত্রিশাল সার্কেল) এস এম হাসান ইস্রাফীল, ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনসুর আহমেদ, সংশ্লিষ্ট পূজা উদ্যাপন কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিক বৃন্দু।
ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য বজায় রেখে শারদীয় দুর্গোৎসব সবার জন্য নিরাপদ ও আনন্দময় হয়ে উঠুক—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।