October 8, 2026, 4:27 am

পাংশায় প্রবাসীর পুকুরের ঘের ভাওচুর ও মাছ নিধন: বিএনপি নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :

রাজবাড়ীর পাংশায় প্রবাসী আসাদ মন্ডলের মৎস্য খামারে (পুকুরের ঘের) সশস্ত্র হামলা, ভাঙচুর ও মাছ নিধনের ঘটনা ঘটেছে। হামলাকারীরা সিসিটিভি ক্যামেরা নষ্ট করে খামারে ব্যাপক তাণ্ডব চালায়। এ সময় ড্রোনে ভিডিও ধারণ করায় হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে ড্রোনের দিকে ইটপাটকেল ছোড়ে এবং রাতে প্রবাসীর বাড়িতে পুনরায় হামলা চালানোর হুমকি দেয়। চাঞ্চল্যকর এই ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে এবং এজাহারনামীয় প্রধান আসামি কালাম মন্ডলকে গ্রেপ্তার করেছে।
​ভুক্তভোগী প্রবাসী আসাদ মন্ডল জানান, তিনি ২০০৭ সালে সিঙ্গাপুরে যান এবং দীর্ঘ প্রবাসজীবন শেষে ২০২৩ সালে দেশে ফিরে এই সম্পত্তি ও মৎস্য খামারটি গড়ে তোলেন।
​ঘটনার বিবরণ দিয়ে তিনি বলেন, “গতকাল সকাল সাড়ে ১০টা থেকে ১০টা ৪০ মিনিটের দিকে হঠাৎ একদল সশস্ত্র লোক খামারে প্রবেশ করে। আনুমানিক ১১০ থেকে ১২০ জন লোক এসেই প্রথমে এখানকার তারকাসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর শুরু করে।”
​তিনি আরও জানান, হামলাকারীরা শুরুতেই সিসিটিভি ক্যামেরা নষ্ট করে দেয় যাতে তিনি কোনো ফুটেজ সংরক্ষণ করতে না পারেন। পরবর্তীতে মোবাইল দিয়ে ভিডিও করতে না পেরে তিনি ড্রোন ক্যামেরা দিয়ে পুরো ঘটনার ভিডিও ধারণ করেন। ড্রোনে ভিডিও করার কারণে হামলাকারীরা আরও ক্ষিপ্ত হয়ে বারবার ড্রোনের দিকে ইটপাটকেল ছুড়তে থাকে এবং ‘ড্রোন বন্ধ না করলে বাড়িতে হামলা করবে’ বলে হুমকি দেয়। নিরাপত্তার স্বার্থে তিনি ড্রোন সরিয়ে নিতে বাধ্য হন। যাওয়ার সময় তারা হুমকি দিয়ে বলে যায়, “তুই ড্রোন দিয়ে উড়িয়ে ভিডিও করলে রাত্রে কী করবি? রাত্রে এসে তোর এইগুলো ভাঙচুর করব, তখন দেখি তুই কী করিস।”
​পুলিশের বক্তব্য ও পদক্ষেপ:
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ভুক্তভোগী প্রবাসীর দেওয়া তথ্য ও অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি কালাম মন্ডলকে গ্রেপ্তার করেছে।
​এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে এবং এই ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা