মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের লছনা বাজার এলাকায় সাতগাঁও হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন কালাপুর ইউনিয়নের মাজদিহি চা-বাগানের অমৃত শিংয়ের ছেলে জয় শিং এবং একই এলাকার সুশীল নায়েকের ছেলে পাপ্পু নায়েক। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ঢাকাগামী ‘আলম এশিয়া’ বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে সাতগাঁও হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে অটোরিকশার ভেতর থেকে তিনজনকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সাতগাঁও হাইওয়ে থানার দায়িত্বরত উপপরিদর্শক মমিনুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, সিএনজির তিন যাত্রীকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় বাসের চালককে আটক করা হয়েছে।