September 23, 2026, 9:46 am

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার। ছবি: সংগৃহীত

ধানমন্ডি লেকে ভাসছিল ৫১ বছরের ব্যক্তির মরদেহ

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর ধানমন্ডি লেক থেকে মো. জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে ধানমন্ডি ১০ নম্বর সড়কের লেকপাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ধানমন্ডি থানা পুলিশ জানায়, সকাল ৬টা ৪০ মিনিটের দিকে লেকে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ সময় তার সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়া যায়।

এনআইডিতে থাকা তথ্যের ভিত্তিতে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলে জাভেদের স্ত্রী শাহানা জাবিন খান ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন। জাভেদ ভাটারা থানার একটি আবাসিক এলাকায় বসবাস করতেন।

পুলিশের কাছে শাহানা জাবিন জানান, জাভেদ দীর্ঘদিন ধরে বেকার ছিলেন। পাশাপাশি তিনি আর্থিক সংকটের মধ্যেও ছিলেন। তবে কীভাবে তিনি ধানমন্ডি লেকে পৌঁছালেন বা কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম জানান, এসআই গফুরের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

মৃত্যুর প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন ওসি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা