September 8, 2026, 7:10 pm

জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের কারিগর: শহীদউদ্দীন চৌধুরী এ্যানি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার নেতৃত্বের মাধ্যমে নতুন ও আধুনিক বাংলাদেশের স্বপ্ন মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের কারিগর।’

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমি প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘জিয়া স্মৃতি বই মেলা-২০২৬’-এর ষষ্ঠ দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জিয়া স্মৃতি পাঠাগার ও জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা যৌথভাবে এ আয়োজন করে।শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বিএনপি আজ যে পর্যায়ে এসেছে, এর পেছনে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে দলের দীর্ঘ আন্দোলন-সংগ্রাম, ত্যাগ ও পরিশ্রমের বড় অংশ অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

তিনি বলেন, ‘এই ক্যাম্পাসেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাত্রদল শুরু করেন। তিনি এতটাই উদার ছিলেন, এত বেশি দেশকে নিয়ে চিন্তা করতেন—ছাত্রদল গঠনের মধ্য দিয়ে তিনি তার প্রমাণ দিয়েছেন।’

মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা তুলে ধরে পানিসম্পদ মন্ত্রী বলেন, স্বাধীনতার সময় তার নেতৃত্বে বাংলাদেশে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং অস্ত্র হাতে যুদ্ধে অংশ নিয়েছেন। তার ভাষায়, জিয়াউর রহমান ছিলেন মুক্তিযুদ্ধের নেতা ও মুক্তিযোদ্ধাদের নেতা।স্বাধীনতার পর দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির সমালোচনা করে এ্যানি বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত দুর্নীতি ও দুঃশাসনের পর জিয়াউর রহমানের ‘বিপ্লব ও সংহতির’ মাধ্যমে দেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে।

তিনি বলেন, ছাত্রদলের রাজনীতি করার সময় এবং বর্তমানে বিএনপির নেতৃত্বে থেকেও তারা রাজনৈতিক প্রতিপক্ষকে নিয়ে অশালীন শব্দচয়ন বা গালিগালাজ করেননি। শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়েই তারা রাজনীতিতে এসেছেন বলেও মন্তব্য করেন তিনি।জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে এ্যানি বলেন, শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে কাজ করার সময় তারা অশালীন ভাষার ব্যবহার দেখেননি।

তবে ৫ আগস্টের পর ‘পাটওয়ারী-সিফাত গং’ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জিয়া পরিবারকে লক্ষ্য করে শিষ্টাচারবহির্ভূত ও নীতিবর্জিত বক্তব্য দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ধরনের কর্মকাণ্ডকে ‘সুস্পষ্ট অপরাধ’ বলেও মন্তব্য করেন পানিসম্পদ মন্ত্রী।বিরোধী রাজনৈতিক পক্ষের সমালোচনা করে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, অতীতে ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত হয়ে তারা স্বৈরাচারকে আশ্রয়-প্রশ্রয় দিয়েছে।

তিনি আরও বলেন, ১৯৯৬ সালে ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত হয়ে তারা ১৭২ দিন হরতাল-অবরোধ পালন করে দেশের মানুষকে বারবার দুর্ভোগে ফেলেছিল। তাদের সঙ্গে ‘ওই পাড়ের একটি যোগসূত্র’ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক সুকোমল বড়ুয়া।

জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আ ন ম সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন ও জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জহিরুল ইসলাম বুলবুলসহ অনেকে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা