September 5, 2026, 2:49 pm

মাদক-প্রযুক্তি আসক্তি থেকে শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান আইজিপির

নিজস্ব প্রতিবেদক:
মাদক ও অতিরিক্ত প্রযুক্তি আসক্তি থেকে শিক্ষার্থীদের দূরে থাকার আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, সাময়িক কৌতূহল কিংবা কারও প্ররোচনায় মাদকের ভয়াল ফাঁদে পা দেওয়া যাবে না। একই সঙ্গে মোবাইল ফোন, সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেট গেমে অতিরিক্ত আসক্তিও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে সতর্ক করেছেন তিনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ‘বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইজিপি।

বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের অর্থায়নে ২০২৪ ও ২০২৫ সালের এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া পুলিশ সদস্যদের সন্তানদের মেধাবৃত্তি দেওয়া হয়।

আইজিপি বলেন, শিক্ষার্থীদের পাওয়া এই সম্মাননা শুধু পুরস্কার নয়, বরং তাদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি এবং ভবিষ্যৎ সম্ভাবনার প্রতি পুলিশের আস্থার প্রতীক। মেধার পাশাপাশি সততা, মানবিকতা ও নৈতিক মূল্যবোধ একজন মানুষকে প্রকৃত অর্থে মহান করে তোলে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। জ্ঞান অর্জনের সঙ্গে বিনয়, সহমর্মিতা, দায়িত্ববোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমের চর্চা করতে হবে। আজকের অর্জন যেন আগামী দিনে একটি সুন্দর, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি হয়।

মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, মাদক একটি মরণফাঁদ। সাময়িক কৌতূহল বা প্ররোচনায় শিক্ষার্থীরা যাতে এতে জড়িয়ে না পড়ে, সে বিষয়ে সবসময় সচেতন থাকতে হবে। প্রযুক্তি ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘প্রযুক্তিকে তোমরা ব্যবহার করবে, প্রযুক্তি যেন তোমাদের ব্যবহার করতে না পারে।’

একই সঙ্গে নাগরিক হিসেবে আইন মেনে চলা এবং অন্যদেরও আইন মেনে চলতে উৎসাহিত করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেন, সাফল্য ধরে রাখতে শিক্ষার্থীদের নিয়মিত পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে এগিয়ে যেতে হবে। স্ক্রিন টাইম কমিয়ে পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শও দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন। তিনি শিক্ষার্থীদের জীবনের প্রতিটি ক্ষেত্রে মেধার স্বাক্ষর রাখার পাশাপাশি খারাপ কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান। দেশ ও জনগণের কল্যাণে কাজ করার পাশাপাশি মানসিক ও শারীরিক বিকাশে নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার ওপরও গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এআইজি মো. ইসমাইল হোসেন। এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, অভিভাবক ও মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ৮০১ জন এবং এইচএসসিতে ২৭২ জন শিক্ষার্থী মেধাবৃত্তি পেয়েছে। ২০২৫ সালে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ৮৪৫ জন এবং এইচএসসিতে ১৯৫ জন শিক্ষার্থীও এ বৃত্তির আওতায় এসেছে। দুই বছরে মোট ২ হাজার ১১৩ জন শিক্ষার্থী বাংলাদেশ পুলিশের মেধাবৃত্তি পেয়েছে।

এর মধ্যে শনিবার রাজধানীতে আনুষ্ঠানিকভাবে ৩৬০ জন শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দেওয়া হয়। বাকি শিক্ষার্থীদের সংশ্লিষ্ট জেলা পুলিশ সুপারের কার্যালয়ের মাধ্যমে বৃত্তি প্রদান করা হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা