বন্ধ কারখানা চালু করতে আরও ১৭ হাজার কোটি টাকা দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। এতে করে এ খাতে সরকার ২০ হাজার কোটি টাকার বিশেষ যে ঋণ প্যাকেজ ঘোষণা করেছিল সেটির আকার বেড়ে ৩৭ হাজার কোটি টাকা হবে।
মঙ্গলবার অর্থনীতি বিটের প্রতিবেদকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) এক সেমিনারে তিনি এসব কথা বলেন। ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে সরকার বন্ধ কারখানা চালু করতে এ অর্থায়নের পরিমাণ বাড়ানোর পদক্ষেপ নিয়েছে বলে তুলে ধরেন উপদেষ্টা।
এদিকে, ২৩ মে বন্ধ কারখানা চালু ও অর্থনীতি ‘সক্রিয় করতে’ ৬০ হাজার কোটি টাকার বিশেষ ঋণ প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। ঋণ প্যাকেজের মধ্যে ৪১ হাজার কোটি টাকার ‘রিফাইন্যান্স’ (পুনঃঅর্থায়ন) তহবিল গঠন করা হয় বাণিজ্যিক ব্যাংকে থাকা অতিরিক্ত তারল্য থেকে। বাকি ১৯ হাজার কোটি টাকার তহবিল দেবে কেন্দ্রীয় ব্যাংক।
আলোচনা সভায় অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বন্ধ কারখানাগুলোকে চালু করে অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে গতি বাড়াতে এ তহবিলের অর্থায়ন বাড়ানোর কথা বলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।