August 30, 2026, 9:41 pm

উত্তর সাইপ্রাসের কাছে ২৭০ যাত্রী নিয়ে নৌযানডুবি, উদ্ধার অভিযান চলছে

উত্তর সাইপ্রাসের উপকূলের কাছে প্রায় ২৭০ জন যাত্রী নিয়ে একটি নৌযান ডুবে গেছে। দুর্ঘটনার পরপরই সেখানে উদ্ধার অভিযান শুরু হয়েছে।
উত্তর সাইপ্রাসের উপকূলীয় শহর কিরেনিয়ার মেয়র মুরাত সেনকুল রোববার (৩০ আগস্ট) তুরস্কের সংবাদ মাধ্যম সিএনএন তুর্ককে জানিয়েছেন, নৌযানে থাকা ১৫৯ জনের কাছে উদ্ধারকারীরা পৌঁছাতে সক্ষম হয়েছেন। তিনি বলেন, পরিস্থিতি খুবই গুরুতর।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, উপকূল থেকে প্রায় চার মাইল দূরে নৌযানটিতে পানি ঢুকতে শুরু করে। পরে এটি পানিতে উল্টে যায়। স্থানীয় টেলিভিশনে সম্প্রচারিত ছবিতে দেখা গেছে, লাইফ জ্যাকেট পরা কয়েকজন যাত্রী উল্টে যাওয়া নৌযানটির ওপর অবস্থান করছেন।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হেলিকপ্টার ও কোস্টগার্ডের বেশ কয়েকটি নৌযান পাঠানো হয়েছে। উপকূলে প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুলেন্সও।
উত্তর সাইপ্রাসের পরিবহনমন্ত্রী এরহান আরিকলি স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এখন পর্যন্ত ১০০ জন যাত্রীকে তীরে নিয়ে আসা হয়েছে।
তুর্কি রিপাবলিক অব নর্দার্ন সাইপ্রাস (টিআরএনসি) আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়; শুধু তুরস্ক এটিকে স্বীকৃতি দেয়। সাইপ্রাস দ্বীপের প্রায় এক-তৃতীয়াংশ এলাকা টিআরএনসির নিয়ন্ত্রণে রয়েছে। ১৯৭৪ সাল থেকে দ্বীপটি বিভক্ত অবস্থায় রয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা