হামের উপসর্গে দেশে গত ২৪ ঘণ্টায় আরও তিনজন মারা গেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, সোমবার (১৮ আগস্ট) সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত সময়ে এই মৃত্যুর ঘটনা ঘটে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট ৮১৯ জনের মৃত্যু হয়েছে। নিশ্চিত হামে মৃত্যু ৯৯ জনের, ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯১৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ২ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৪৪ হাজার ৭৮০।
প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্তের সংখ্যা ৫৯। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৭ হাজার ৯৮৯ রোগীর শরীরে হাম শনাক্ত হয়েছে।
হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৬ হাজার ২৮৯ রোগী, এর মধ্যে ১ লাখ ২১ হাজার ৮৮০ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কেউ মারা যায়নি। মারা যাওয়া তিনজনের মধ্যে একজন ঢাকা বিভাগের এবং অপর দুজন সিলেট বিভাগের বাসিন্দা।