প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের ১৮০ দিনে সবার বাকস্বাধীনতা ও মানবাধিকার নিশ্চিত করেছে।
আজ সোমবার বেলা ১১টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘শাপলা’ হলে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সভাটি বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হয়।
মাহদী আমিন বলেন, কূটনৈতিক সম্পর্ক সমতা ও নায্যতার ভিত্তিতে গড়ে তোলা হবে এবং সরকারের আসার ফলে নতজানু পররাষ্ট্রনীতি বন্ধ হয়েছে। তিনি বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য বিনিয়োগবান্ধব নীতিমালা গ্রহণের কথাও উল্লেখ করেন।
তিনি জানান, ছয় মাসে ২০০ ইলেকট্রনিক বাস আনা হচ্ছে এবং রাজনৈতিক হয়রানিমুক্ত পুলিশ ও প্রশাসন গড়ার কাজ চলছে। সরকারের প্রতিটি কার্যক্রমে সুদৃঢ় গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিফলিত হচ্ছে বলেও তিনি দাবি করেন।
মাহদী আমিন বলেন, গত ছয় মাসে সরকারের প্রতি জনগণের অভূতপূর্ব সমর্থন রয়েছে এবং প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন স্থানে গণসম্পৃক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, যেখানে জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
তিনি আরও বলেন, গত ছয় মাসে বাকস্বাধীনতা, আইনের অনুশাসন ও মানবাধিকারে সর্বোচ্চ মানদণ্ড স্থাপন করা হয়েছে এবং রাজনৈতিক নিপীড়নের কোনো ঘটনা ঘটেনি।