August 16, 2026, 12:13 pm

নওগাঁয় খাল খননে ১ কোটি ৩৯ লাখ টাকা সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত

নওগাঁয় খাল খননে ১ কোটি ৩৯ লাখ টাকা সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত

নওগাঁর ১০টি উপজেলায় ১৩টি মরা খাল পুনঃখনন প্রকল্প সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রকল্পের বাস্তবায়নে নির্ধারিত বরাদ্দের চেয়ে কম খরচ হওয়ায় ১ কোটি ৩৯ লাখ ৫৪ হাজার ৯৮২ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ১০টি উপজেলার ১৩টি খাল পুনঃখননের জন্য মোট বরাদ্দ ছিল ৮ কোটি ৭০ লাখ ৩৯ হাজার ৩৯৭ টাকা। প্রকৃত ব্যয় হয়েছে ৭ কোটি ৩০ লাখ ৮৪ হাজার ৪১৫ টাকা। কাজ শেষে উদ্বৃত্ত অর্থ ফেরত দেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম ও সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা।

খালগুলো পুনঃখননের ফলে স্থানীয় অধিবাসীরা ইতোমধ্যে সুফল পেতে শুরু করেছেন। খালগুলোতে সঞ্চিত পানি সেচ হিসেবে ব্যবহার করে কৃষিকাজ শুরু হয়েছে। এছাড়া খালে মাছ চাষ ও হাঁস পালনের পাশাপাশি খালের দুই পাড়ে পরিবেশবান্ধব গাছ রোপণ করা হয়েছে।

তবে, একাধিক উপজেলায় খাল খননের কাজ নিয়ে প্রশ্ন উঠেছে এবং অভিযোগ রয়েছে। জেলা প্রশাসন জানায়, সদর উপজেলার ১ কিলোমিটার দৈর্ঘ্যের খাল পুনঃখননের জন্য ৭১ লাখ ১০ হাজার ৮৭৯ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। নির্দিষ্ট সময়ের মধ্যে ৫২ লাখ ৪৫ হাজার ৭২৮ টাকা ব্যয়ে কাজ সম্পন্ন হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী মৃত খালগুলো পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, খাল খননের ফলে জেলার কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতার নিরসন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা