যুক্তরাষ্ট্র ইরানের ওপর অনির্দিষ্টকালের জন্য নৌ অবরোধ চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়েছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, শুক্রবার বাংলাদেশ সময় দুপুর সোয়া ২টা পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৪৩ ডলার বেড়ে ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৫৬ ডলার বেড়ে ৮২ দশমিক ৮১ ডলারে দাঁড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের অবরোধের হুমকির পাশাপাশি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। এই জলপথ দিয়ে সংঘাত শুরুর আগে বিশ্বের দৈনিক তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন হতো।
তবে দুর্বল বৈশ্বিক চাহিদার পূর্বাভাস ও যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত বৃদ্ধির কারণে বাজারে তেলের দাম বাড়ার গতি কিছুটা সীমিত রয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) যুক্তরাষ্ট্র জানায়, তারা ইরানের ওপর অবরোধ চালিয়ে যেতে পারে এবং যুদ্ধবিরতির আলোচনা থমকে যাওয়ায় তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর হুমকিও দেয়া হয়।
এদিকে, রাষ্ট্রীয় মালিকানাধীন আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির দুটি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় হামলার শিকার হয়েছে বলে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে। ঘটনাটিকে ইরানের হামলা বলে নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার।