বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ বুধবার সকালে রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত অনুষ্ঠানে জানিয়েছেন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সহ ১২টি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আলোচনা চলছে। তিনি জানান, মাস খানেকের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে।
মন্ত্রী বলেন, রপ্তানি সক্ষমতা বৃদ্ধি, বিদেশি বিনিয়োগ বাড়াতে জ্বালানির সহজলভ্যতা নিশ্চিত করা এবং লভ্যাংশ ও পুঁজি নিরাপদে ফেরত নেওয়ার মতো নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, হালাল অর্থনীতিকে খাদ্য ও পানীয় খাতের মধ্যে সীমাবদ্ধ না রেখে, এটি বর্তমানে খাদ্য, ওষুধ, প্রসাধনী, মোডেস্ট ফ্যাশন, পর্যটন, লজিস্টিকস, প্রযুক্তি, অর্থায়ন ও আন্তর্জাতিক সার্টিফিকেশনের সমন্বয়ে একটি বৃহৎ বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা হিসেবে গড়ে উঠেছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, রপ্তানি বৃদ্ধির জন্য দেশের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন। এজন্য দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা জরুরি।
তিনি জানান, এলডিসি উত্তরণের পর বাংলাদেশের রপ্তানি সুবিধা ধরে রাখতে বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি, অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি এবং অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
আন্তর্জাতিক হালাল বাজারের সম্ভাবনা কাজে লাগাতে দেশে একটি স্বাধীন ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হালাল সার্টিফিকেশন ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজন রয়েছে, যা বাংলাদেশের পণ্যের প্রতি বৈশ্বিক আস্থা বাড়াবে এবং নতুন বাজার তৈরিতে সহায়তা করবে।