গবেষকরা জানিয়েছেন, ৭৫ বছরের বেশি বয়সী যাদের আগে হার্ট অ্যাটাক বা স্ট্রোক হয়নি, তারা স্ট্যাটিন বন্ধ করলেও তিন বছরে মৃত্যুর ঝুঁকি বাড়ে না। তবে এই ফলাফল দেখে স্ট্যাটিন বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল এই গবেষণার উপর একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
গবেষণাটি গত ১১ আগস্ট দ্য ল্যানসেট হেলদি লংজেভিটি জার্নালে প্রকাশিত হয়। ফ্রান্সের বোর্দো বিশ্ববিদ্যালয় হাসপাতালের গবেষকেরা ৮০ বছর বয়সী ১ হাজার ১৬০ জনকে নিয়ে এই গবেষণা করেন, যাদের কারও হৃদ্রোগ বা স্ট্রোকের ইতিহাস ছিল না। অংশগ্রহণকারীদের একদল স্ট্যাটিন চালিয়ে যান, অন্যদল ওষুধটি বন্ধ করেন।
গবেষণার ফলাফল অনুযায়ী, স্ট্যাটিন বন্ধ করা দলের ৭ দশমিক ২ শতাংশ মারা গেছেন, যেখানে স্ট্যাটিন চালিয়ে যাওয়া দলের মৃত্যুর হার ছিল ৭ দশমিক ৯ শতাংশ। তবে এই দুই দলের মধ্যে মৃত্যুর হারে উল্লেখযোগ্য পার্থক্য পাওয়া যায়নি।
গবেষকরা জানান, স্ট্যাটিন বন্ধ করা ব্যক্তিদের মধ্যে হৃদ্রোগজনিত সমস্যা কিছুটা বেশি দেখা গেছে, তবে এসব পার্থক্য পরিসংখ্যানগতভাবে উল্লেখযোগ্য নয়। স্ট্যাটিন বন্ধ করার পর রক্তে ‘খারাপ’ কোলেস্টেরলের মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, গবেষণাটি ছোট পরিসরে হওয়ায় এর ফল সবার ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে। শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবার্ট স্টোরি এবং ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ব্রায়ান উইলিয়ামসও স্ট্যাটিন বন্ধ করার সিদ্ধান্ত চিকিৎসকের সঙ্গে আলোচনা করে নেওয়ার পরামর্শ দিয়েছেন।