August 11, 2026, 12:22 pm

সরকারি দপ্তরগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশনা জারি

সরকারি দপ্তরগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশনা জারি

সরকারি কার্যালয়গুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর জন্য নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সোমবার (১০ আগস্ট) এ বিষয়ে মন্ত্রিপরিষদের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত একটি পরিপত্র প্রকাশ করা হয়।

পরিপত্রে উল্লেখ করা হয়েছে, বঙ্গভবন, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিকল্পনা কমিশন এবং অর্থ বিভাগে দাপ্তরিক কাজে ব্যবহৃত বিদ্যুতের সিংহভাগ সৌরবিদ্যুৎ থেকে আসতে হবে। অন্যান্য সরকারি দপ্তরে পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ নির্দেশনা জারির সঙ্গে সঙ্গেই কার্যকর হবে। এর আগে গত ৩ আগস্ট সচিবালয়ে সৌরবিদ্যুৎ নিয়ে অনুষ্ঠিত এক সভায় জ্বালানি সংকট মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সৌর প্যানেল বসানোর নির্দেশনা দেওয়া হয়।

সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান সৌর ইনভার্টার উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল আমদানিতে সরকারি সহায়তা দেওয়ার বিষয়েও নির্দেশনা দেন। সাধারণ মানুষের জন্য সৌরবিদ্যুৎকে আরও সাশ্রয়ী ও সহজলভ্য করার লক্ষ্যে একটি কার্যকর মডেল তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হয়।

প্রথম ধাপে বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ভবন, সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তর ও অর্থ মন্ত্রণালয়ের ভবনসহ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় সৌর প্যানেল স্থাপন করা হবে। সরকারের এই উদ্যোগের লক্ষ্য হলো জ্বালানি সংকট মোকাবিলা এবং সরকারি পর্যায়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ করা।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা