August 24, 2026, 1:24 am

নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাংলাদেশের নতুন উদ্যোগ

নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাংলাদেশের নতুন উদ্যোগ

নিউজিল্যান্ডের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। কৃষি-প্রযুক্তি, দুগ্ধশিল্প, সবুজ জ্বালানি, ফার্মাসিউটিক্যালস, চামড়া, পাট, টেকসই বস্ত্র ও তথ্যপ্রযুক্তি খাতগুলোতে এই সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিউজিল্যান্ড ট্রেড অ্যান্ড এন্টারপ্রাইজের (এনজেডটিই) সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এসব খাতে যৌথ বিনিয়োগ, ব্যবসায়িক সংযোগ ও রপ্তানি সম্প্রসারণের সম্ভাবনা তুলে ধরা হয়। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান।

বর্তমানে দুই দেশের মধ্যে বছরে প্রায় ৪৫০ মিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য হচ্ছে। এর মধ্যে নিউজিল্যান্ড থেকে বাংলাদেশের আমদানিতে দুগ্ধজাত ও ধাতব পণ্যের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। বিপরীতে, বাংলাদেশ নিউজিল্যান্ডে প্রায় ১৪৭ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করছে, যার বড় অংশই তৈরি পোশাকের।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে নিউজিল্যান্ডের কোম্পানিগুলোকে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানানো হয়। এছাড়া, বাংলাদেশি ফার্মাসিউটিক্যাল, আইটি ও চামড়া খাতের রপ্তানিকারকদের সঙ্গে নিউজিল্যান্ডের ব্যবসায়িক ক্রেতাদের ভার্চুয়াল বৈঠকের আয়োজনের প্রস্তাব দেওয়া হয়।

দুই দেশের মধ্যে একটি দ্বিপাক্ষিক ব্যবসায়িক পরিষদ প্রতিষ্ঠা এবং বাণিজ্য মেলা আয়োজনের বিষয়েও উভয় পক্ষ একমত হয়েছে। এই উদ্যোগগুলো ভবিষ্যতে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা