August 10, 2026, 12:21 pm

চাঁদপুরের সিভিল সার্জনকে বদলির নির্দেশ, দুই ঘণ্টার মধ্যে প্রত্যাহার

চাঁদপুরের সিভিল সার্জনকে বদলির নির্দেশ, দুই ঘণ্টার মধ্যে প্রত্যাহার

চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনের সময় প্রয়োজনীয় ওষুধের সংকটের কারণে সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দীনকে বদলির নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তবে দুই ঘণ্টার মধ্যে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়।

রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালটি পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং সেবার মান ও ওষুধের মজুত সম্পর্কে তথ্য সংগ্রহ করেন। পরিদর্শনের সময় র‍্যাবিস ভ্যাকসিন ও নরমাল স্যালাইন না থাকার বিষয়টি তার নজরে আসে।

হাসপাতাল থেকে মন্ত্রণালয়ে ফোন করে সিভিল সার্জনকে উত্তরবঙ্গের কোনো জেলায় বদলির নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে দুপুর সাড়ে ১২টার দিকে স্বাস্থ্যমন্ত্রী চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে র‍্যাবিস ভ্যাকসিনের সংকট নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল জানালে মন্ত্রী পূর্বের সিদ্ধান্ত থেকে সরে আসেন এবং সিভিল সার্জনকে ক্ষমা করেন।

ডা. মোহাম্মদ নূর আলম দীন জানান, হাইমচরে র‍্যাবিসের টিকা শেষ হয়ে যাওয়ার কারণে স্বাস্থ্যমন্ত্রী কিছুটা অসন্তুষ্ট ছিলেন। ফলে বদলির নির্দেশের সিদ্ধান্ত বৈঠকে প্রত্যাহার করা হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা