বাংলাদেশ ক্রিকেট দল ২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে গিয়ে গা গরমের ম্যাচে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে মাঠে নেমেছিল। তবে বাংলাদেশ দল ব্যাটিং বিপর্যয়ের কারণে ইনিংস ব্যবধানে হেরে যায়।
টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্স এই হারকে হতাশাজনক বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, 'প্রস্তুতি ম্যাচটি হতাশাজনক ছিল। তবে আমরা সেটা পেছনে ফেলে এগিয়ে যাচ্ছি। এখন আমাদের পুরো মনোযোগ সামনে থাকা টেস্ট ম্যাচে।'
সিমন্স আরও জানান, প্রথম টেস্টের জন্য ভুলগুলো শুধরে নিতে চান। তিনি বলেন, 'আমাদের হাতে এখনও ৩ দিন সময় আছে এখানের ভুলগুলো শুধরে নিয়ে মূল ম্যাচে সব ঠিকভাবে করার। আমি বিশ্বাস করি, এই তিন দিনে আমরা নিজেদের নিয়ে কাজ করবো, যেন টেস্ট ম্যাচে নিজেদের জন্য ভালো সুযোগ তৈরি করতে পারি।'
তিনি ব্যাটিংয়ের দুর্বলতা নিয়ে মন্তব্য করে বলেন, 'এখানে প্রস্তুতি ম্যাচে আমরা ব্যাটিংয়ে নিজেদের হতাশ করেছি। আমরা কীভাবে আউট হয়েছি, আপনারা দেখেছেন, যা একদমই ভালো ছিল না।'