August 7, 2026, 6:52 pm

বিদেশফেরত মেধাবীদের কাজে লাগাতে চায় সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিদেশফেরত মেধাবীদের কাজে লাগাতে চায় সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, বিদেশে উচ্চশিক্ষা গ্রহণকারী তরুণদের জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগাতে চায় সরকার। তিনি শুক্রবার (৭ আগস্ট) রাজধানীতে ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার কনসালট্যান্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ফ্যাড-ক্যাব) ১৪তম আন্তর্জাতিক শিক্ষা এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

শামা ওবায়েদ জানান, সরকার দেশে নিরাপদ ও কর্মসংস্থানমুখী পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে, যাতে বিদেশফেরত তরুণরা উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন। তিনি বলেন, অতীতের সরকারগুলো তরুণ প্রজন্মের জন্য টেকসই সুযোগ সৃষ্টি করতে পারেনি, কিন্তু বর্তমান সরকার একটি উন্নত বাংলাদেশ গড়তে চায়।

তিনি আরও বলেন, শিক্ষা এখন কেবল ব্যক্তিগত উন্নয়নের বিষয় নয়, বরং এটি কূটনীতির একটি গুরুত্বপূর্ণ উপকরণ। পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন দেশের সঙ্গে শিক্ষা ও গবেষণাভিত্তিক অংশীদারত্ব জোরদার করতে কাজ করছে।

শামা ওবায়েদ বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে শিক্ষার্থীদের প্রতিবন্ধকতা দূর করতে আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমে কাজ করার প্রতিশ্রুতি দেন। তিনি শিক্ষার্থীদের বিদেশে যাওয়ার আগে বিভিন্ন তথ্য যাচাই করার পরামর্শ দেন এবং দালাল চক্রের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করেন।

তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি ‘মাইগ্রেশন উইং’ চালু করা হয়েছে, যা বিদেশগামী বাংলাদেশিদের অভিবাসন-সংক্রান্ত সমস্যাগুলো সমাধানে কাজ করবে। সরকার শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখার পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের সম্প্রসারণেও জোর দিচ্ছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা