August 7, 2026, 6:52 pm

সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো সফরের সম্ভাবনাও রয়েছে। এ সফর ঘিরে দলীয় নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তার সভাপতিত্বেই সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি বাংলাদেশের জন্য একটি গৌরবময় মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

কূটনৈতিক ও দলীয় সূত্র জানায়, ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর নিউইয়র্কে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। জাতিসংঘের অধিবেশনে অংশ নেয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে বৈঠকে অংশ নিতে পারেন তিনি। ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদে ভাষণ দেয়ার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্র বিএনপি নেতাদের তথ্যমতে, নিউইয়র্কের কর্মসূচি শেষে ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা দেয়া হবে। এরপর ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর সান ফ্রান্সিসকোতে একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেয়ার সম্ভাবনা রয়েছে।

প্রধানমন্ত্রীর সান ফ্রান্সিসকো সফর ঘিরে ক্যালিফোর্নিয়ায় প্রস্তুতি চলছে। সেখানকার প্রযুক্তি ও উদ্ভাবনের কেন্দ্র বে এরিয়ায় বহু বাংলাদেশি উদ্যোক্তা ও প্রযুক্তিবিদ বসবাস করেন। প্রধানমন্ত্রীর সফর তাদের সঙ্গে যুক্ত হয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে অবদান রাখার সুযোগ সৃষ্টি করবে।

ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। সফরের সময়সূচি ও আনুষ্ঠানিকতা চূড়ান্ত করতে কাজ চলছে, তবে প্রেস সচিব সালেহ শিবলী জানিয়েছেন, চূড়ান্ত সময়সূচি এখনো নির্ধারিত হয়নি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা