ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ১১ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আজ ভোরে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, বৃহস্পতিবার নজরান প্রদেশে হামলায় সাতজন সৌদি, একজন ইয়েমেনি, দুজন মিসরীয় এবং একজন পাকিস্তানি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে চার বছর বয়সী একটি শিশুও রয়েছে।
আল-মালিকি অভিযোগ করেন, হুথিরা নির্বিচারে বেসামরিক এলাকায় গোলাবর্ষণ করে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করেছে। তিনি বলেন, সৌদি নেতৃত্বাধীন জোট বেসামরিক নাগরিকদের সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ।
এদিকে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। হুথিদের সঙ্গে রিয়াদের দীর্ঘদিনের সংঘাত এখন বৃহত্তর আঞ্চলিক সংকটের অংশে পরিণত হয়েছে।
সৌদি আরবের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের তত্ত্বাবধানে হুথি ও ইরাকি মিলিশিয়ারা সৌদি আরবের বিভিন্ন বেসামরিক স্থাপনায় হামলা চালাতে পারে। এ অবস্থায় সৌদি আরব নিরাপত্তা সহযোগিতা জোরদার করার উদ্যোগ নিয়েছে।