দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে ক্ষমতাসীন দল বিএনপি ও বিরোধী দল থেকে আলাদা প্রার্থী দেওয়া হলে ভোটের প্রস্তুতি গ্রহণ করা হবে। বিরোধী দল রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়ন না দিলে ভোটের প্রয়োজন হবে না।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ১৬ আগস্ট প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। যদি একাধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকেন, তবে ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশনকক্ষে গোপন ভোটে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বর্তমান সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থীর বিজয়ী হওয়া প্রায় নিশ্চিত। তবে বিএনপি এখনো রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করেনি। গত শনিবার দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়নের দায়িত্ব দলের চেয়ারম্যান তারেক রহমানের ওপর দেওয়া হয়েছে।
সম্ভাব্য প্রার্থীদের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন এবং স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নাম রয়েছে। মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে তাকে মন্ত্রীত্ব ও দলীয় মহাসচিব পদ ছাড়তে হবে।
অন্যদিকে, জামায়াতে ইসলামী ও অন্যান্য বিরোধী দল রাষ্ট্রপতি পদে প্রার্থী দিতে পারে। তবে জামায়াতের নেতারা জানিয়েছেন, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আগামীকাল দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আলোচনা হবে।