গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি বাতিল, মাসিক মিটার ও ডিমান্ড চার্জ প্রত্যাহার, ভুতুড়ে বিল বন্ধ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে ১১ দলীয় ঐক্য।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টার দিকে শহরের দরগা রোডে অবস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সমবেত হয়। পরে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গ্যাস ও বিদ্যুতের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে গেছে। বিদ্যুতের ডিমান্ড চার্জ, মিটার চার্জ এবং অভিযোগ অনুযায়ী ভুতুড়ে বিলের কারণে ভোক্তাদের ওপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ সৃষ্টি হচ্ছে। জ্বালানি ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি কৃষি, শিল্প, পরিবহন ও ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন খাতের উৎপাদন ব্যয় বাড়িয়ে দিচ্ছে, যার প্রভাব নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও পড়ছে।
স্মারকলিপিতে গ্যাস ও বিদ্যুতের বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহার, জ্বালানি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, জনবান্ধব জ্বালানি নীতি প্রণয়ন এবং মাসিক মিটার ও ডিমান্ড চার্জ বাতিলের দাবি জানানো হয়।
স্মারকলিপি জমা দেওয়ার পর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে মুহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, “জনগণের জীবনমান ও বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় সরকারকে গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে।”