নড়াইলের কালিয়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা ডাকাত দলের সর্দার মো. আরোজ আলী শেখ (৪৫) কে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) রাতে উপজেলার সালামাবাদ ইউনিয়নের জোকারচর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত আরোজ আলী শেখ জোকারচর গ্রামের হেমায়েত শেখের ছেলে।
পুলিশের তথ্য অনুযায়ী, আরোজ আলীর নামে ৯টি ডাকাতি মামলা রয়েছে। এর মধ্যে পাঁচটি কালিয়া থানায়, দুটি নড়াইল সদর থানায়, একটি খুলনার দিঘলিয়া থানায় এবং একটি গোপালগঞ্জ সদর থানায় দায়ের করা হয়েছে।
ওসি মো. ইদ্রিস আলী জানান, গ্রেফতারকৃত আরোজ আলীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্যান্য ডাকাত দলের সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।