জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম আজ বৃহস্পতিবার সচিবালয় অভিমুখে ১১ দলীয় জোটের কর্মসূচিতে পুলিশি বাধার পর বলেন, গ্যাসের দাম এক টাকাও বাড়ানো হলে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না।
তিনি সরকারের উদ্দেশে বলেন, জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি বাস্তবায়ন, গণভোটের ফল কার্যকর, গ্যাস ও বিদ্যুতের সরবরাহ নিশ্চিত এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলনে যেতে হবে।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার কৃত্রিম গ্যাস সংকট তৈরি করে দাম বাড়ানোর চেষ্টা করছে এবং জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি ভঙ্গ করছে। তিনি বলেন, গ্যাসের দাম বৃদ্ধি হলে সরকার পরিচালনা করা সম্ভব হবে না।
তিনি আরও বলেন, সরকার গণভোটে দেওয়া অঙ্গীকার বাস্তবায়ন করেনি এবং গ্যাস, বিদ্যুৎ ও পানির সংকট মোকাবিলায় ব্যর্থ হয়েছে। জনগণের মৌলিক চাহিদা নিশ্চিত না করে দাম বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
নাহিদ ইসলাম জানান, দেশে কর্মসংস্থান সৃষ্টি হয়নি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে, ফলে সাধারণ মানুষ বাজার থেকে প্রয়োজনীয় পণ্য কিনতে হিমশিম খাচ্ছে।