জ্বালানি তেল ও গ্যাসসংকট, বিদ্যুতের বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ১১ দলীয় ঐক্যের সচিবালয় ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সচিবালয়ের সব গেট বন্ধ করে দেওয়া হয়েছে।
গেট বন্ধ হওয়ায় সচিবালয়ে প্রবেশ করতে আসা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। অনেককে বাইরে অপেক্ষা করতে দেখা যায় এবং তারা বিভিন্ন গেটের সামনে ভিড় করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গেটগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে, সচিবালয়ের দিকে অগ্রসর হওয়া মিছিল জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তা আটকে দেয়।
কর্মসূচিতে অংশ নিয়েছেন এসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ ১১ দলীয় জোটের নেতারা। এর আগে, রাজধানীর মুক্তাঙ্গনে বেলা ১১টার পর অবস্থান কর্মসূচি শুরু হয়, যেখানে বৃষ্টি শুরু হলেও নেতাকর্মীরা তাদের কর্মসূচি চালিয়ে যান।
অবস্থান কর্মসূচিতে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং অন্যান্য শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।