বাংলাদেশ একসময় আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে হারিয়ে যাচ্ছিল, কিন্তু বর্তমানে তা আবার ফিরে আসছে। এ মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।
গতকাল বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ তথ্য জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
ড. খলিলুর রহমান বলেন, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী তাকে জানান যে, বাংলাদেশকে আর কখনো পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত হতে দেওয়া হবে না। এ মন্তব্য বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি ‘বাংলাদেশ ফার্স্ট’ এর সঙ্গে সঙ্গতিপূর্ণ।
তিনি আরও বলেন, গত বছরের আগস্টের শুরুতে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং জাতিসংঘ মহাসচিবের কার্যালয়ে তার সাবেক সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করেন।
ড. খলিলুর রহমান জানান, তারা মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি জাতিসংঘের কাছে তুলে ধরেছিলেন এবং কিছু ক্ষেত্রে গুলিবর্ষণ বন্ধ হতে দেখা যায়। তার মতে, আন্তর্জাতিক উদ্যোগের ফলে দেশের পরিস্থিতি পরিবর্তনের প্রক্রিয়া ত্বরান্বিত হয়েছে।