২০২৪ সালের জুলাই-আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত। শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানিয়ে শুরু হওয়া এই আন্দোলন জাতির ন্যায়বিচার, বৈষম্যহীনতা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পক্ষ থেকে মহান জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
বুয়েটের বিবৃতিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় কেবল জ্ঞানচর্চার কেন্দ্র নয়, বরং এটি স্বাধীন চিন্তা, নৈতিক মূল্যবোধ, মানবিক মর্যাদা এবং দায়িত্বশীল নাগরিকত্বের বিকাশের ভিত্তি। জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা-সাম্য, ন্যায়, মানবিক মর্যাদা ও গণতান্ত্রিক অধিকার-এই মূল্যবোধগুলো শিক্ষার মাধ্যমে প্রতিফলিত হওয়া উচিত।
বুয়েট পরিবারের সকল সদস্যকে আহ্বান জানানো হয়েছে, তারা যেন মহান জুলাই গণঅভ্যুত্থানের শিক্ষা ও আদর্শ ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, সহনশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে দায়িত্বশীল ভূমিকা পালন করেন।
শেষে, শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়েছে এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত বুয়েটের সব সদস্যের প্রতিও আন্তরিক সমবেদনা প্রকাশ করা হয়েছে।