August 18, 2026, 12:54 pm

খোকসায় বিএনপি নেতার ওপর হামলা, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ

খোকসায় বিএনপি নেতার ওপর হামলা, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ

কুষ্টিয়ার খোকসা পৌরসভা মেয়র প্রার্থী ও বিএনপি নেতা নাফিজ আহমেদ খান রাজুর ওপর দুর্বৃত্তদের হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। বুধবার (৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে খোকসা থানা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রাজু খোকসা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

আহতের পরিবার ও এজাহার সূত্রে জানা যায়, রাজু বুধবার রাত সাড়ে ১০টার দিকে তার দলীয় কার্যালয় থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির গেটে পৌঁছালে অজ্ঞাত পাঁচজন তার পরিচয় নিশ্চিত হয়ে হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে চাপাতি ও লোহার হাতুড়ি দিয়ে মারধর করে। চাপাতির আঘাতে তার পায়ের নিচের অংশ মারাত্মক জখম হয় এবং শরীরের বিভিন্ন স্থানে গভীর আঘাত লাগে।

রাজুর চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা আতঙ্ক সৃষ্টি করতে ১৬ থেকে ১৭ রাউন্ড গুলি চালায় এবং তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপর তারা দু’টি মোটরসাইকেলে করে পালিয়ে যায়। গুরুতর আহত রাজুকে প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাত ১২টার দিকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজু বলেন, বাড়ির গেটের সামনে অপরিচিত লোক দেখে পরিচয় জানতে চাইলে তারা হামলা চালায়। চিৎকার শুনে স্বজনেরা আসলে তারা ককটেল বিস্ফোরণ ও গুলি চালিয়ে পালিয়ে যায়।

খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, অজ্ঞাত সন্ত্রাসীরা বিএনপি নেতার ওপর হামলা ও গুলিবর্ষণ করে পালিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চলছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা