রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যেসব শিক্ষক ‘গোপন তৎপরতায়’ যুক্ত বলে অভিযোগ, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুসন্ধান কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।
পাঁচ সদস্যের কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। গতকাল বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যম ও সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষক ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে গোপন যোগাযোগে লিপ্ত আছেন। তাদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত কয়েকজন শিক্ষকের নামও রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কোন কোন শিক্ষক জড়িত আছেন, সে সম্পর্কে তথ্য অনুসন্ধানের জন্য কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে অধ্যাপক মো. রেজাউল করিমকে। সদস্য হিসেবে আছেন অধ্যাপক মো. গোলাম সাদিক, অধ্যাপক মোহাম্মদ আমীরুল ইসলাম ও অধ্যাপক মো. আনিছুর রহমান। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক মো. গিয়াস উদ্দিন আহমেদ।
কমিটির কাজের অগ্রগতি সম্পর্কে জানাতে আগামীকাল কমিটির সভা ডাকা হয়েছে বলে জানিয়েছেন রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ।