August 5, 2026, 2:31 pm

চীনা বিনিয়োগ আকর্ষণে বিজিএমইএ ও ওকাইবের যৌথ উদ্যোগ

চীনা বিনিয়োগ আকর্ষণে বিজিএমইএ ও ওকাইবের যৌথ উদ্যোগ

বাংলাদেশের তৈরি পোশাক খাতের উন্নয়ন ও নতুন বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।

মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (ওকাইব) এর প্রতিনিধিদলের সঙ্গে বিজিএমইএ নেতৃবৃন্দের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চীনা বিনিয়োগ বৃদ্ধি এবং কৌশলগত যৌথ অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান নেতৃত্ব দেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান, পরিচালক শাহ রাঈদ চৌধুরী, পরিচালক জোয়ারদার মোহাম্মদ হোসনে কমার আলম ও পরিচালক সামিহা আজিম।

ওকাইবের প্রতিনিধিদলে ছিলেন ভাইস প্রেসিডেন্ট লিসা লুও, ভাইস প্রেসিডেন্ট ও সেক্রেটারি জেনারেল ভিভিয়ান হুয়াং, এক্সিকিউটিভ ডিরেক্টর স্টিভেন ঝাং এবং সেক্রেটারি টিনা হু। চীনা প্রতিনিধিরা জানান, বাংলাদেশে বিদেশি বিনিয়োগের জন্য সঠিক তথ্যের অভাব রয়েছে।

বিজিএমইএ সভাপতি জানান, তারা সদস্যদের কাছ থেকে তথ্য সংগ্রহ করবেন এবং যারা চীনা মূলধন ও প্রযুক্তি যুক্ত করতে আগ্রহী, তাদেরকে বিজিএমইএ’কে অবহিত করতে বলা হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে বিজিএমইএ ও ওকাইব যৌথভাবে সম্ভাব্য চীনা বিনিয়োগকারীদের সঙ্গে দেশীয় কারখানা মালিকদের সংযোগ তৈরি করবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা