August 6, 2026, 3:55 pm

বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, নতুন সদস্য অন্তর্ভুক্ত

বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, নতুন সদস্য অন্তর্ভুক্ত

বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন করেছে সরকার। এই পদক্ষেপের মাধ্যমে চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রমকে আরও কার্যকর, স্বচ্ছ ও সমন্বিত করার লক্ষ্য নেওয়া হয়েছে। নতুন বোর্ডে প্রশাসনের পাশাপাশি চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন সংগঠন ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

গত ২৯ জুলাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আসলাম মোল্লার সই করা প্রজ্ঞাপনে ১৫ সদস্যের নতুন বোর্ড গঠনের বিষয়টি জানানো হয়। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, ২০২৩-এর ধারা ৩ ও উপধারা (১) অনুযায়ী এই বোর্ড পুনর্গঠন করা হয়েছে। পূর্ববর্তী বোর্ডটি ৫ ফেব্রুয়ারি ২০২৬ গঠিত হয়েছিল এবং সেটি বাতিল করে নতুন আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব। সদস্যসচিব করা হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানকে। সদস্য হিসেবে রয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র), আইন ও বিচার বিভাগের একজন প্রতিনিধি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের একজন প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক।

চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনের সাতজন বিশিষ্ট ব্যক্তিকেও নতুন বোর্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন—বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সাবেক সভাপতি ও চলচ্চিত্র গবেষক আবদুর রহমান, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন, অভিনেত্রী কাজী নওশাবা, গীতিকার-সুরকার প্রিন্স মাহমুদ এবং সংগীতশিল্পী দিঠি আনোয়ার।

নতুন এই বোর্ড চলচ্চিত্রের সার্টিফিকেশন প্রক্রিয়াকে আরও যুগোপযোগী, স্বচ্ছ ও সমন্বিত করার লক্ষ্যে কাজ করবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা