বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আজ বুধবার সকালে যশোরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে বক্তব্য দেন। তিনি বলেন, “জুলাইয়ের গণআকাঙ্ক্ষা পূরণ করতে হলে সব রাজনৈতিক দলকে ধৈর্য ও সহনশীল আচরণ করতে হবে।”
প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, “ফ্যাসিস্টরা যে ভাষায় কথা বলত, সেই একই ভাষা ব্যবহার করলে গণতন্ত্র হৃদয়ে ধারণ করা হয় না।” তিনি রাজনৈতিক মতাদর্শে ভিন্নতা থাকা সত্ত্বেও আধুনিক আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে একসাথে কাজ করার আহ্বান জানান।
এর আগে, সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বকুলতলায় শহীদ স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা জানানো হয়।