রাজধানীর সরকারি তিতুমীর কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে জাতীয় ছাত্রশক্তির দুই নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।
হামলায় জাতীয় ছাত্রশক্তি তিতুমীর কলেজ সংসদের আহ্বায়ক সাখাওয়াত হোসেন ও সদস্য সচিব আল নোমান নিরবসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। আহত দুই নেতাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
জাতীয় ছাত্রশক্তির দাবি, কলেজ কর্তৃপক্ষের আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির নেতারা উপস্থিত হলে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালান। হামলার সময় লাঠিসোটা ও দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেন সংগঠনটির নেতারা।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, হামলার সময় ছাত্রশক্তির নেতাকর্মীদের মারধর করে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হামলার বিষয়ে সাখাওয়াত হোসেন বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে অংশ নিতে আমরা ক্যাম্পাসে গিয়েছিলাম। কিন্তু ছাত্রদলের নেতাকর্মীরা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। আমরা দমে যাব না, চিকিৎসা শেষে আবার ক্যাম্পাসে ফিরব।’ তিনি আরও অভিযোগ করেন, হামলার সময় কয়েকজন সাংবাদিকও হামলার শিকার হয়েছেন।
এর আগে মঙ্গলবারও দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রসংগঠনগুলোর মধ্যে সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটেছে।