আগামী শিক্ষাবর্ষ (২০২৭) থেকে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিদ্যালয়গুলোতে প্রথম শ্রেণিসহ অন্যান্য শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি ফেরানোর আভাস মিলেছে। ভর্তি পরীক্ষা চালুর বিষয়টি বাতিলের পরিকল্পনা করা হয়েছে এবং লটারির মাধ্যমেই শিক্ষার্থী ভর্তির বিষয়ে ইতিবাচকভাবে দেখছে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা।
সোমবার (৩ আগস্ট) এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের একজন কর্মকর্তা বলেন, লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির বিষয়টি ইতিবাচকভাবেই বিবেচনা করা হচ্ছে।
এর আগে, গত মার্চে এক সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আকস্মিকভাবে ঘোষণা দিয়েছিলেন, ভর্তিতে লটারি পদ্ধতির পরিবর্তে ভর্তি পরীক্ষা চালু করা হবে। সে সময় তিনি বলেছিলেন, ‘আমরা লটারি ব্যবস্থা প্রত্যাহার করলাম।’
ভর্তি পরীক্ষা ফিরিয়ে আনার ঘোষণার পর এ নিয়ে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। শিক্ষাবিদদের মতে, ভর্তি পরীক্ষা চালু হলে পুরোনো সমস্যাগুলো ফিরে আসতে পারে এবং শিশু বয়সে মেধার তেমন কোনো পার্থক্য থাকে না।
এমতাবস্থায়, শিক্ষা মন্ত্রণালয় নতুন চিন্তাভাবনা করছে, যা শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তি ও সংগঠনের কাছে ইতিবাচক বলে মনে হচ্ছে।