August 5, 2026, 3:07 pm

জুলাই শহীদ ও আহতদের জন্য ফ্ল্যাট নির্মাণকাজ শুরু হবে সেপ্টেম্বরে: গণপূর্ত প্রতিমন্ত্রী

জুলাই শহীদ ও আহতদের জন্য ফ্ল্যাট নির্মাণকাজ শুরু হবে সেপ্টেম্বরে: গণপূর্ত প্রতিমন্ত্রী

সরকার জুলাই বিপ্লবে আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে শহীদদের পরিবারের জন্য ৮০৪টি এবং আহতদের জন্য ১ হাজার ৫৬০টি ফ্ল্যাট নির্মাণ করতে যাচ্ছে। চলতি বছরের সেপ্টেম্বরের শেষ নাগাদ এ কাজ শুরু হবে। প্রকল্পটির দরপত্র প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং বর্তমানে মূল্যায়নের কাজ চলছে।

গতকাল মঙ্গলবার সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এ তথ্য জানান। তিনি বলেন, আগামী মাসে সুবিধাজনক সময়ে অ্যাপার্টমেন্ট নির্মাণ প্রকল্পের কাজ শুরু হবে। আশা করা হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকল্পটির উদ্বোধন করবেন।

প্রতিমন্ত্রী জানান, এই আবাসন প্রকল্পের মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানে আত্মত্যাগী পরিবারগুলোর জীবনমান উন্নয়নের পাশাপাশি তাদের ভবিষ্যৎ আরো নিরাপদ হবে। তিনি বলেন, এটি জাতির পক্ষ থেকে জুলাই যোদ্ধাদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ।

সরকার ইতোমধ্যে শহীদ ও আহতদের জন্য বিভিন্ন ধরনের সহায়তা কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে নিয়মিত ভাতা প্রদান এবং চিকিৎসা সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক ও ব্যক্তিগতভাবে তাদের পরিবারের পাশে থাকার চেষ্টা করা হচ্ছে।

জুলাই গণ-অভ্যুত্থানের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, এটি দীর্ঘ সময় ধরে চলা গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিক পরিণতি। আন্দোলনের সফলতার পেছনে ছাত্রসমাজের পাশাপাশি দেশের সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

প্রতিমন্ত্রী জানান, সরকার জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং গেজেটভুক্ত নিহত ও গুরুতর আহতদের জন্য কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা