পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবং মডেল জর্জিনা রদ্রিগেজের বিয়ের তারিখ ও স্থান প্রকাশিত হয়েছে। দীর্ঘদিনের সম্পর্কের পর, তারা অবশেষে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
রোনালদো এবং জর্জিনার বিয়ের অনুষ্ঠান পর্তুগালের মাদেইরাতে অনুষ্ঠিত হবে। ব্রিটিশ গণমাধ্যম দ্য সান-এর প্রতিবেদনে বলা হয়েছে, ফুনচালের বিখ্যাত ক্যাথেড্রালে ৪১ বছর বয়সী রোনালদো এবং ৩২ বছর বয়সী জর্জিনার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
বিয়ের পর, বিলাসবহুল ফাইভ-স্টার হোটেল ‘স্যাভয় প্যালেসে’ রিসেপশন ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। হোটেল সূত্র জানায়, নিরাপত্তার কারণে অনুষ্ঠানের দিন শুক্র ও শনিবার কিছু এলাকা এবং দুটি ফ্লোর সাধারণ অতিথিদের জন্য বন্ধ থাকবে।
আগে সিনত্রার এক এস্টেটে বিয়ের গুঞ্জন থাকলেও তা ভুল প্রমাণিত হয়েছে। রোনালদো, যিনি ১১ বছর বয়সে স্পোর্টিং লিসবনে যোগ দিতে ঘর ছেড়েছিলেন, এখন ১.২ থেকে ১.৪ বিলিয়ন ডলারের বিশাল সম্পদের মালিক।
জন্মভূমিতে বিয়ের সিদ্ধান্ত রোনালদোর আবেগঘন ভালোবাসার প্রকাশ। পরিবার ও কাছের বন্ধুদের নিয়ে উদযাপনে মাতবেন এই জনপ্রিয় জুটি।