স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মাঝে মাঝে উঁকি দিলেও তাদের আসলে কিছু করার মুরোদ নেই। তিনি সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।
মন্ত্রী জানান, ৫ আগস্টের জন্য বিএনপি সমমনা দলগুলোকে নিয়ে কর্মসূচি পালন করবে, এজন্য বৈঠক ডাকা হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগের কোনো তৎপরতা চালানোর মুরোদ নেই এবং তারা বিদেশ থেকে মাঝে মাঝে উঁকি-ঝুকি দিচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দুবাইতে গ্রেপ্তার পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সরকার সব ধরনের উদ্যোগ নিয়েছে। ইউইউএ আদালত তার জামিন শর্ত সাপেক্ষে দিয়েছে, সরকার তার জামিন বাতিলের জন্য আইনজীবী নিয়োগ করেছে।
এছাড়া, উগ্রবাদী গোষ্ঠী বিভিন্ন সময় নাশকতা কিংবা অপকর্মের চেষ্টা করলেও আইন প্রয়োগকারী সংস্থা এ ব্যাপারে সতর্ক রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এসময় এনসিপির কর্মসূচিতে হামলার বিষয়েও তদন্ত চলছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর-এর বাংলাদেশ সফরের পর প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সন্তোষ প্রকাশের কথাও উল্লেখ করেন।