গাজায় ইসরায়েলের চলমান হামলা শান্তি প্রতিষ্ঠায় দেশটির আগ্রহের অভাব নির্দেশ করে বলে মন্তব্য করেছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (৩ আগস্ট) এক সরকারি বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করেছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর লক্ষ্য হলো ফিলিস্তিনিদের উচ্ছেদ করা এবং মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বাধা সৃষ্টি করা।
বিবৃতিতে আরও বলা হয়েছে, নেতানিয়াহু এমন পদক্ষেপ গ্রহণ করছেন যা আঞ্চলিক ভারসাম্যকে বিঘ্নিত করছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলমান মধ্যস্থতা প্রচেষ্টাকে ব্যাহত করছে।
ন্যাটোভুক্ত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্ব সম্প্রদায়কে নেতানিয়াহুর সামরিক আগ্রাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে। তারা সতর্ক করেছে যে, ইসরায়েল পুরো মধ্যপ্রাচ্যকে সংঘাতের অঞ্চলে পরিণত করতে চাচ্ছে।
যুক্তরাষ্ট্র গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পরিকল্পনা ঘোষণা করার পরও রোববার ইসরায়েলি হামলায় অন্তত ১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যা তুরস্কের এই প্রতিক্রিয়ার পেছনের কারণ হিসেবে দেখা হচ্ছে।