August 1, 2026, 12:15 pm

আধুনিক জীবনযাত্রার প্রভাবে মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত শিশু: স্বাস্থ্যমন্ত্রী

আধুনিক জীবনযাত্রার প্রভাবে মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত শিশু: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, আধুনিক জীবনযাত্রার কারণে অনেক নবজাতক প্রয়োজনীয় মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত হচ্ছে। তিনি এ পরিস্থিতিকে ভবিষ্যৎ প্রজন্মের সুস্বাস্থ্য ও মানসিক বিকাশের জন্য উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন।

শনিবার (০১ আগস্ট) রাজধানীর ন্যাশনাল বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, অতীতে শিশুর লালন-পালন এবং মাতৃদুগ্ধ পান নিশ্চিত করার বিষয়ে সচেতনতা ছিল, কিন্তু আধুনিক জীবনযাত্রার পরিবর্তনের সঙ্গে তা অনেকটাই কমে এসেছে।

মন্ত্রী বলেন, জন্মের পর নবজাতককে মায়ের কাছ থেকে আলাদা করে রাখা এবং কর্মব্যস্ততার কারণে অনেক মা শিশুকে প্রয়োজনীয় সময়ে মাতৃদুগ্ধ পান করাতে পারছেন না। এর ফলে বিভিন্ন ধরনের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। তিনি নবজাতককে জন্মের প্রথম এক ঘণ্টার মধ্যেই মাতৃদুগ্ধ পান করানোর গুরুত্ব তুলে ধরেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, পরিবারে অশান্তি এবং অবহেলার নেতিবাচক প্রভাব শিশুর আচরণ ও মানসিক স্বাস্থ্যের ওপর পড়ে। তিনি অপুষ্টির কারণে শিশুদের সংক্রমণের ঝুঁকি বাড়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। নিয়মিত মাতৃদুগ্ধ পান নিশ্চিত করা গেলে শিশুদের রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি পাবে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী সভাপতিত্ব করেন। এ সময় প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা ডা. জিয়াউদ্দিন হায়দার, পরিবার পরিকল্পনার মহাপরিচালক ডা. জিন্নাত রেহানা এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মোহাম্মদ ইউনূস আলীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা