July 31, 2026, 11:44 am

কলকাতায় ব্রাজিলের বিপক্ষে খেলবে ভারত, ম্যাচের তারিখ ঘোষণা

কলকাতায় ব্রাজিলের বিপক্ষে খেলবে ভারত, ম্যাচের তারিখ ঘোষণা

ভারতে প্রথমবারের মতো আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলতে আসছে ব্রাজিল। আগামী ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে (যুবভারতী ক্রীড়াঙ্গন) স্বাগতিক ভারতের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অংশ নেবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) বৃহস্পতিবার (৩০ জুলাই) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে সিবিএফ জানিয়েছে, অস্ট্রেলিয়ায় প্রীতি ম্যাচ খেলার পর তাদের পরবর্তী গন্তব্য হবে ভারত। তারা উল্লেখ করেছে, ভারতের মাটিতে ব্রাজিল জাতীয় দলের এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। ভারতীয় ব্রাজিল ভক্তদের প্রশংসা করে সিবিএফ জানিয়েছে, ব্রাজিল দলের সবচেয়ে বড় আন্তর্জাতিক সমর্থক গোষ্ঠীকে ধারণ করা দেশের সঙ্গে মুখোমুখি হওয়া তাদের জন্য বিশেষ একটি অভিজ্ঞতা।

সিবিএফ আরও জানিয়েছে, প্রজন্ম থেকে প্রজন্মে যারা ব্রাজিলীয় ফুটবলের ইতিহাস অনুসরণ করে আসছে, তাদের সঙ্গে এই মুহূর্তটি ভাগাভাগি করতে তারা উন্মুখ। কলকাতায় দেখা হবে বলেও তারা আশা প্রকাশ করেছে।

ভারতে ম্যাচ খেলার আগ্রহের পেছনে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ চলাকালীন ভারতীয় ভক্তদের উন্মাদনা ও আবেগকে উল্লেখ করা হয়েছে। সারা ভারতজুড়ে বিশালাকার স্ক্রিনিং এবং লাখ লাখ ব্রাজিল সমর্থকদের উদযাপনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছিল।

তবে, ব্রাজিলের কোচ আনচেলত্তি মূল খেলোয়াড়দের নিয়ে আসবেন কিনা, তা নিয়ে প্রশ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ২০২৮ কোপা আমেরিকার প্রস্তুতির অংশ হিসেবে তরুণ ও নতুন খেলোয়াড়দের নিয়ে পরীক্ষা চালাতে পারেন তিনি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা