August 1, 2026, 1:00 pm

ফিফার ফুটবল বিক্রির পরিকল্পনা নিয়ে ৯৬টি দেশের প্রতিবাদ

ফিফার ফুটবল বিক্রির পরিকল্পনা নিয়ে ৯৬টি দেশের প্রতিবাদ

বিশ্বকাপসহ বিভিন্ন টুর্নামেন্টের শেয়ার বা মালিকানা বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার পরিকল্পনা করেছে ফিফা। এ নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনা ও ক্ষোভ দেখা দিয়েছে।

ফিফার এ প্রস্তাবের বিরুদ্ধে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার ৫৫টি সদস্যদেশ একযোগে ভোট দিয়ে বিশ্বকাপ বর্জনের হুমকি দিয়েছে। একইভাবে, উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনক্যাকাফও তাদের ৪১টি সদস্যদেশের পক্ষ থেকে এ পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে।

ফিফা তাদের অবস্থান পরিষ্কার করে একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘গণমাধ্যমের কিছু ভুল প্রতিবেদনের কারণে আমাদের পূর্বপরিকল্পিত আলোচনা কার্যক্রম ব্যাহত হয়েছে।’ তারা আরও দাবি করেছে, ‘কেউ ফুটবল বিক্রি করছে না। ফিফা এমন চিন্তাভাবনা কখনো প্রশ্রয় দেবে না।’

ফিফা ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) নামে একটি নতুন বাণিজ্যিক সহায়ক প্রতিষ্ঠান গঠন করতে চায়, যেখানে বহিরাগতদের শেয়ার কেনার সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য ফিফার ২১১টি সদস্যদেশের ভোটাভুটির প্রয়োজন হবে।

ফিফা তাদের বিবৃতিতে উল্লেখ করেছে, ‘জনসমক্ষে উঠে আসা বিভিন্ন পরামর্শ, মতামত ও উদ্বেগকে আমরা শ্রদ্ধা জানাই। একটি উন্মুক্ত ও গণতান্ত্রিক আলোচনার প্রতি আমাদের যে প্রতিশ্রুতি, আমরা তা পুনর্ব্যক্ত করছি।’

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা