ময়মনসিংহের ভালুকায় ফেসবুকে ‘বিদায়ী পোস্ট’ দেওয়ার পর সাব্বির আহাম্মেদ (১৮) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) সকালে উপজেলার বিত্তাগুন খালে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত সাব্বির উপজেলার বাশিল এলাকার সুলতান আহমদের ছেলে। পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ১৪ বছর আগে তার বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয় এবং এরপর থেকে তিনি খালার কাছে লালিত-পালিত হন।
গত বৃহস্পতিবার সাব্বির নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি বিদায়ী পোস্ট দেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। শুক্রবার সকালে খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয় এবং পরে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ভালুকা থানার এসআই সায়মন জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।