July 31, 2026, 11:06 am

কনক্যাকাফের ৪১ সদস্যদেশ ফিফার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে

কনক্যাকাফের ৪১ সদস্যদেশ ফিফার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে

উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনক্যাকাফের ৪১টি সদস্যদেশ বৃহস্পতিবার (৩০ জুলাই) ফিফার বাণিজ্যিক কার্যক্রমে অংশীদারত্ব বিক্রির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। সংস্থাটি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

ফিফার এই প্রস্তাবের আগে উয়েফা একই ধরনের উদ্বেগ প্রকাশ করে। উয়েফা জানিয়েছে, যদি ফিফা বেসরকারি বিনিয়োগকারীদের কাছে অংশীদারত্ব বিক্রির পরিকল্পনা এগিয়ে নেয়, তবে তারা বিশ্বকাপ বয়কটের হুমকি দিতে পারে। তবে কনক্যাকাফ এ ধরনের হুমকি দেয়নি।

কনক্যাকাফের বিবৃতিতে বলা হয়েছে, সদস্যরা প্রস্তাবটির উপস্থাপনার প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা উল্লেখ করেছেন, এত কম সময়ের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার চাপ এবং ফিফার পরিচালনা কাঠামোর পর্যালোচনা ছাড়া প্রস্তাবটি আনার বিষয়টি প্রশ্নবিদ্ধ।

বিবৃতিতে আরও বলা হয়, ইতিহাসের সবচেয়ে লাভজনক বিশ্বকাপ আয়োজনের পরও ফিফার ফরোয়ার্ড কর্মসূচির অর্থায়নে বেসরকারি বিনিয়োগের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে। এসব কারণে কনক্যাকাফ এবং এর সদস্যদেশগুলো ফিফার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

ফিফা সম্প্রতি ঘোষণা করেছে, বিশ্বকাপ ও ক্লাব বিশ্বকাপের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য নতুন একটি সহযোগী প্রতিষ্ঠান গঠন করা হবে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো দাবি করেছেন, এই উদ্যোগের মাধ্যমে প্রায় ৪২০ কোটি ডলার তোলা সম্ভব হবে, যা ফুটবলের উন্নয়নে সহায়ক হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা