July 31, 2026, 9:17 am

মেসিকে ‘ফুটবলের ঈশ্বর’ বললেন ব্রাজিলিয়ান তারকা

একসময় স্প্যানিশ লা লিগায় এল ক্লাসিকোর উত্তপ্ত লড়াইয়ে লিওনেল মেসির অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন কাসেমিরো। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার জার্সিতে দুজনই একে-অপরের বিপক্ষে অসংখ্য স্মরণীয় ম্যাচ খেলেছেন। তবে সময়ের ব্যবধানে সেই প্রতিদ্বন্দ্বিতার জায়গা নিয়েছে সতীর্থের সম্পর্ক। এখন দুজনই খেলছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে।
২০২৩ সালে ইন্টার মিয়ামিতে যোগ দেওয়া মেসির সঙ্গে এবার একই দলে নাম লিখিয়েই আর্জেন্টাইন অধিনায়কের প্রশংসায় ভাসলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। তিনি মেসিকে ‘ফুটবলের ঈশ্বর’ বলে আখ্যায়িত করেছেন।
নতুন ক্লাবে যোগ দিয়ে কাসেমিরো বলেন, ‘এমএলএসে আমি সেখানেই আছি, যেখানে আমি থাকতে চেয়েছিলাম। আমি ফ্রি এজেন্ট হিসেবে ইউনাইটেড ছেড়েছিলাম, ইতালিতে আমার কাছে সুযোগ ছিল, বিভিন্ন জায়গায় অন্যান্য দলেও যাওয়ার প্রস্তাব ছিল, কিন্তু আমি সেখানেই আছি যেখানে আমি থাকতে চেয়েছিলাম… আমি তার সাথে থাকাটা উপভোগ করতে চাই, তাকে জিততে সাহায্য করতে এবং তাকে আরও বড় করে তুলতে চাই। তিনি ফুটবলের অন্যতম ঈশ্বর, এমনকি বলা যায় ঈশ্বরই, এবং আমি তাকে সাহায্য করতে চাই।’
রিয়াল মাদ্রিদের দীর্ঘ অধ্যায়ের পর ম্যানচেস্টার ইউনাইটেডে চার মৌসুম কাটিয়ে সম্প্রতি ইন্টার মিয়ামিতে যোগ দেন এই ব্রাজিলিয়ান তারকা। ইতোমধ্যে ক্লাবটির হয়ে অভিষেকও হয়ে গেছে তার। শনিবার মন্ট্রিয়ালের বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচে প্রথমবারের মতো গোলাপি জার্সিতে মাঠে নামেন তিনি।
এল ক্লাসিকোর দিনগুলোর স্মৃতিচারণ করে কাসেমিরো বলেন, মেসিকে থামানো সবসময়ই ছিল সবচেয়ে কঠিন কাজ। তার ভাষায়, ‘আমি জানি, তাকে থামানো অসম্ভব। আমি কখনোই সেটা করতে পারিনি। সব সময়ই সতীর্থদের সাহায্য লাগতো। আর তার সঙ্গে মাত্র দুইটি অনুশীলন সেশন করেই বুঝে গেছি, তাকে থামানো এখনও অসম্ভব।’
এদিকে কাসেমিরোর হাতে ইন্টার মিয়ামির জার্সি তুলে দেওয়ার সময় ক্লাবটির সহ-মালিক হোর্হে মাস মেজর লিগ সকারের চলমান তদন্ত প্রসঙ্গে কথা বলেন। তিনি ক্লাবের বিরুদ্ধে ওঠা কোনো ধরনের অনিয়মের অভিযোগ প্রত্যাখ্যান করেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা